রেলমন্ত্রীর কাছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নালিশের চার দিন পর অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ফের সংযুক্ত করা হলো তাপানুকূল (এসি) বগিটি। সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে তাপানুকূল (এসি) বগি নিয়ে রবিবার (২৮ জুলাই) ভোর ৬টায় ঢাকার দিকে ছেড়ে যায় ট্রেনটি। মেরামতের নামে গত ২৪ জুন এসি বগিটি কেটে নেয় পশ্চিমাঞ্চল রেল। গত বুধবার রাতে জেলার চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে এক সভায় মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বিষয়টি সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে জানান। এরপর রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে নালিশ জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নালিশ শুনেই বগিটি দ্রুত সংযোজনের প্রতিশ্রুতি দেন রেলমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জের জনসভায় এলে সিরাজগঞ্জ-ঢাকা রুটে সরাসরি যোগাযোগের জন্য ট্রেনটি চালুসহ বঙ্গবন্ধু স্টেশন থেকে রায়পুর ও বাজার স্টেশন হয়ে বগুড়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের দাবি জানান জেলাবাসী। এরপর ২০১৩ সালের ২৭ জুন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়। কিন্তু বছর না ঘুরতেই ট্রেনটির যাত্রী সেবার মান ক্রমশ অবনতি হতে থাকে।
এসি বগি সংযুক্তের সত্যতা স্বীকার করে বাজার স্টেশনের কর্মচারী আব্দুল মান্নান বলেন, যাত্রীরা আগে থেকেই না জানায় রবিবার নির্ধারিত ২০ টিকিটের স্থলে ১০টি বিক্রি হয়েছে।







