কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হামজা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জ্বর নিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হামজা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নরশীলপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে এবং সরাইল উপজেলার রাঙ্গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
হামজার চাচা হাবিব মিয়া জানান, ‘বুধবার রাতে হামজার প্রচণ্ড জ্বর ওঠে এবং কয়েকবার বমি হয়। বৃহস্পতিবার সারা দিন সে জ্বরে ভোগে। অবস্থার উন্নতি না হলে বিকালে হামজাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ আজিম জানান, ‘রোগীকে যখন নিয়ে আসা হয় তখন সে অচেতন অবস্থায় ছিল। এমনকি তার শরীরে পালস পাওয়া যাচ্ছিলো না। তখন আমরা তাকে সেলাইন দেই। এর কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। মৃত্যুর আগে তার সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের মনে হচ্ছে সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল।’
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।








