বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এফবি জাকারিয়া নামের একটি ট্রলার ডুবে ১৬ জন জেলে নিখোঁজ হয়েছেন। রবিবার (৪ আগস্ট) বিকালে বঙ্গোপসাগরে ওই ট্রলার থেকে ফিরে আসা মাহমুদ নামে এক জেলের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিশিং বোট ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে শনিবার (৩ আগস্ট) ভোরে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় ওই ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের মধ্যে মাহমুদ, ইকবাল হোসেন ও আনোয়ার হোসেনের নাম জানা গেছে। তাদের প্রত্যেকের বাড়ি নোয়াখালী। ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার আনোয়ার হোসেনের।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় মাছ শিকার করছিল সাগরে ডুবে যাওয়া ট্রলার এফবি জাকিয়া। এ সময় ঝড় শুরু হলে ট্রলারটি ১৭ জন জেলেকে নিয়ে ডুবে যায়। এফবি আরিফ নামের আরেকটি ট্রলার ওই জায়গা দিয়ে ফিরে আসার পথে মাহমুদ নামের এক জেলেকে ভেসে থাকতে দেখেন জেলেরা। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসেন তারা। তবে অপর ১৬ জেলে ও ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।’
তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। এছাড়া জেলেদের পক্ষ থেকে একটি ট্রলার ইতোমধ্যে নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে।







