হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। গুরুতর আহত অবস্থায় তিন জন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চার জন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার পুরানবাগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে চালক মুখলিছ মিয়া (৩৫) ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র পৌর এলাকার উমেদনগর গ্রামের আফরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের খোয়াইমুখ থেকে একটি সিএনজি বানিয়াচং যাওয়ার পথে এবং বানিয়াচং থেকে একটি মোটরসাইকেল শহরে আসার পথে স্থানীয় আতুকুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত ৯ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে মুখলিছ মারা যান। আহত অবস্থায় চার জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চার জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত একটার দিকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।








