যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বারগুলোর ওজন দুই কেজি ৮শ গ্রাম। এ সময় পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বেনাপোল পোর্ট থানার অন্তর্গত দুর্গাপুর মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
বুধবার (৮ আগস্ট) দুপুরে সোনার বার গুলো উদ্ধার ককরা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদ আসে এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে বিজিবি সদস্যরা তল্লাশি করে সাইলেন্সারের মধ্যে ফিট করা অবস্থায় দুই কেজি ৮শ’ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য আনুমানিক এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ৩২টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বারগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত সীমান্ত এলাকায় স্বর্ণপাচার বিরোধী বিভিন্ন অভিযান চালিয়ে ১১ কেজি ৩৬৩ গ্রাম সোনা জব্দ করেছে বিজিবি। এসব অভিযানকে ছয় জনকে আটক করা হয়েছে।








