কুমিল্লার বুড়িচং উপজেলার মামার বাড়ির বাথরুম থেকে আহম্মদ উল্লাহ নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির লুঙ্গির সঙ্গে পেঁচানো অবস্থায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবারের লোকজন।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় লুঙ্গিতে পেঁচানো অবস্থায় থাকা একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সরন স্যার দায়ী।’
তবে শিক্ষক আবুল হোসেন সরন বলেন, ‘পদার্থ বিজ্ঞানের ৬০ জন শিক্ষার্থী রয়েছে। ক্লাস শুরু হয়েছে এক মাস। তার সঙ্গে আমার এখনও পরিচয় হয়নি। আমি কাউকে মারধর বা অপমানও করিনি। সে কেন আমাকে দায়ী করলো জানি না।’
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আহম্মদ উল্লাহ দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মৃত সেকান্দর আলীর পুত্র ও বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের দ্বাদশ বিজ্ঞান শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন ধরে তার মামা আবুল হোসেনের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামে বসবাস করে আসছিল সে। বুধবার সকাল ৮টায় গোসল করতে গিয়ে দীর্ঘ সময় পরও সে বের হয়ে না আসায় ভেন্টিলেটর দিয়ে তাকে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। এরপর দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







