কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আইয়ুব হোসেন ও নুর হোসেন। তারা দুজনই টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। আহতরা হলেন, একই শিবিরের আব্দুল হোসেন, দিলদার বেগম ও মো. জোবায়ের। এই পাঁচ জন একই পরিবারের সদস্য। বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরীফ হাসান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ হোয়াইক্যংগামী বিজিবির সদস্যবাহী একটি পিকআপ বালুখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অন্যান্য যাত্রীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘হোয়াইক্যংয়ে বিজিবির একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষের ঘটনায় নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেটি টেকনাফ ২ বিজিবির গাড়ি ছিল না। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।’








