রাজবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে গোয়ালন্দ ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের ৩ জন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি ও ১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডলকে দেওয়া কারণ দর্শাওয়ের চিঠি ও তার জবাব পর্যালোচনা করে সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপ, দলীয় ভাবমূর্তি বিনষ্ট, বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে তার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশসহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে নুরুল ইসলাম মণ্ডলকে অব্যাহতি দেওয়া হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়া পর্যন্ত যুগ্ম-সাধারণ সম্পাদক পদধারী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সভায় সংগঠনবিরোধী কার্যকলাপ ও গত ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে উদ্যোগ গ্রহণ না করা এবং কোনও কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণে স্থানীয় সব নেতা-কর্মীর অভিযোগ, শোকজ নোটিশ এবং দাখিলকৃত নোটিশের জবাব পর্যালোচনা করে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. শামসুল আলমকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সেই সঙ্গে উপজেলা সম্মেলন না হওয়া পর্যন্ত কালুখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল খালেক মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম খায়েরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অপরদিকে সংগঠনবিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে ইতোপূর্বে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কৃত গোলাম মাহবুব রব্বানীকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ জেলা আওয়ামী লীগের নেতারা।







