রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে নববধূকে পুলিশের মারপিট

বগুড়া প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:৫১

এসআই রিপন মিয়া
ইভটিজিংয়ের অভিযোগ দায়েরের পর না জানিয়ে মামলা মীমাংসা, বিয়ে ও ঘুষ না দেওয়ায় রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নববধূকে মারপিটের অভিযোগ উঠেছে বগুড়ার গাবতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন মিয়ার বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার খুপি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত নববধূ কলেজছাত্রী মনিরা আকতার কেমিকে (১৯) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই রিপন মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে অভিযুক্ত এসআই রিপন মিয়া দাবি করেছেন, ‘আমি আসামি ধরতে গিয়েছিলাম। আমি বা তার লোকজন কাউকে মারপিট করিনি। নববধূ কেমি ভয় পেয়ে চিৎকার করেছেন।’ পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেছেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে এসআই রিপনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার খুপি মধ্যপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে এমরান হোসেন সুইট ও একই উপজেলার খুপি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মনিরা আকতার কেমি স্থানীয় ফজিলা আজিজ টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। সুইট গত বছর ও কেমি চলতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। সুইট কলেজে পড়ার সময় কেমিকে প্রেমের প্রস্তাব দেন। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে কেমি গত ১৪ সেপ্টেম্বর সুইটের বিরুদ্ধে ইভটিজিং-এর মামলা করেন। গাবতলী থানা পুলিশ পরদিন সুইটকে গ্রেফতার করে জেলে পাঠায়। এদিকে কেমি ও সুইটের পরিবার মীমাংসা করে আদালতে কাগজপত্র জমা দিলে গত ৩১ অক্টোবর সুইটের জামিন হয়। ১ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে হলে সুইট তার নববধূধু কেমিকে গাবতলীর খুপি মধ্যপাড়ার বাড়িতে নিয়ে যান।

এমরান হোসেন সুইট অভিযোগ করেন, ‘মামলা মীমাংসা ও কেমিকে বিয়ে করায় তদন্তকারী কর্মকর্তা গাবতলী থানার এসআই রিপন মিয়া আমাদের ওপর ক্ষুব্ধ হন। তিনি আমাকে হুমকি দেন ও ১০ হাজার টাকা দাবি করেন। এছাড়া পুলিশ কর্মকর্তা কেমিকে ফোনে হুমকি দেন, আমাকে হত্যা করা হবে অথবা মাদক মামলা দিয়ে জেলে পাঠানো হবে। এর এক পর্যায়ে রবিবার রাত ১০টার দিকে সাদা পোশাকে এসআই রিপন মিয়া ও চার-পাঁচ জন দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। আমি টের পেয়ে পালিয়ে গেলে পুলিশ কর্মকর্তা তার লোকজন নিয়ে ঘরে ঢোকে। এরপর তারা কেমিকে ঘুম থেকে ডেকে তুলে জানতে চায় আমি কোথায়। কেমি বলতে দেরি করায় এসআই রিপন মিয়া লাঠি ও টর্চ লাইট দিয়ে কেমিকে মারপিট করেন। এছাড়া তার মাথায় কিলঘুষি ও চড়-থাপ্পড় দেন। কেমির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশ কর্মকর্তা ও তার লোকজনকে ঘেরাও করেন। অবস্থা বেগতিক দেখে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এসআই রিপন মিয়া তার সঙ্গে আসা পুলিশ এবং সোর্স নিয়ে সটকে পড়েন। রাত ১২টার দিকে আমার আহত স্ত্রী কেমিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করি।’

সুইট আরও জানান, ‘গাবতলী থানার এসআই রিপন মিয়ার বিরুদ্ধে নিরীহ জনগণকে পকেটে মাদক ঢুকিয়ে গ্রেফতার করে টাকা আদায় ও হয়রানির অনেক অভিযোগ রয়েছে। আমি অবশ্যই এ ব্যাপারে আইনের আশ্রয় নেবো।’

সোমবার দুপুরে হাসপাতালে মনিরা আকতার কেমি সাংবাদিকদের কাছে তাকে নির্যাতনের বিচার দাবি করেন।

এদিকে এসআই রিপন মিয়ার মতো গাবতলী থানার ওসি সেলিম হোসেনও দাবি করেছেন, গৃহবধু কেমিকে কেউ মারপিট করেনি।

গাবতলী সার্কেলের সিনিয়র এএসপি সাবিনা ইয়াসমিন জানান, তিনি রাজশাহীতে কর্মশালায় আছেন, তবে গাবতলীর গৃহবধূকে মারপিটের ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

এদিকে বগুড়ার গাবতলী থানার এসআই রিপন মিয়াকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। সন্ধ্যায় গাবতলী থানার ওসি সেলিম হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। পুলিশ সুপার আপাতত তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করেছেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের