ঘুষের ২০ হাজার টাকাসহ দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
দুদক উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের মো. সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ গ্রহণের জন্য আবেদন করেন। পরবর্তীতে দিনাজপুর জেলা পরিষদ জমিটি লিজ প্রদানের পক্ষে মতামত দেন। কিন্তু দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন জমিটি লিজ বরাদ্দের জন্য শাবানা খাতুনের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে শাবানা খাতুন দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ে অভিযোগ করেন।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে এই ঘুষের টাকা লেন-দেনের সময় সার্ভেয়ার আল-আমিনকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।







