বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের প্রায় নষ্ট হয়ে যাওয়া তিনটি চিত্রকর্ম (পেইন্টিং) রিপেয়ারিংয়ের জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমির মাধ্যমে একটি টিম শুক্রবার (২২ নভেম্বর) সকালে ছবি তিনটি ঢাকায় নেয়। ছবিগুলো হলো- ‘জমি কর্ষণ’, ‘ধান মাড়াই’ এবং ‘গ্রাম্য কাইজ্যা’। এগুলো চটের ক্যানভাসের ওপর নির্মিত এবং তেল রঙ-এর পেইন্টিং।
সুলতান কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এসএম সুলতান কমপ্লেক্সে শিল্পীর আঁকা ২২টি ছবি রয়েছে। এগুলো মেরামত এবং উপযুক্ত পরিবেশে স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। ২০১৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে একজন রেস্টোরার (চিত্রকর্মের চিকিৎসক) এসে সবচেয়ে বড় এবং বিখ্যাত ৩৮ ফুট লম্বা চিত্রকর্ম ‘সভ্যতার ক্রমবিকাশ’ ছবিটি মেরামতের কাজ শুরু করলেও তা সম্পন্ন হয়নি। তবে ‘চর দখল’, ‘ধান মাড়াই’, ‘জমি কর্ষণ, ‘ফসল সংগ্রহ’, ‘মাঠ পরিষ্কার’, ‘কলসি কাঁখে নারী’, ‘কাজিয়া (কাইজ্যা)’ ও ‘মাছ শিকার’ ছবিগুলো প্রায় নষ্ট হতে চলেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন- অপরিকল্পিতভাবে গড়ে তোলা গ্যালারি, আবহাওয়া, বদ্ধ অবস্থায় রাখা, অবহেলাসহ বিভিন্ন কারণে ছবিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নষ্ট হতে চলেছে।
নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস বলেন, ‘বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের অনেকগুলো ছবি নষ্ট হবার উপক্রম। আমাদের দাবি, ছবিগুলি যেন সঠিকভাবে রিপেয়ার করা হয়।’
বাংলাদেশ ব্যাংকের টাকা মিউজিয়ামের কিউরেটর আছিয়া খাতুন বলেন, ‘চিত্রশিল্পী সুলতান কমপ্লেক্সের ৮টি ছবি নষ্ট হয়ে গেছে। এগুলো ধাপে ধাপে রিপেয়ার করা জরুরি। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রথম ধাপে তিনটি ছবি রিপেয়ার করা হবে। এগুলো ঠিক করতে ছয় মাস অথবা এক বছর সময় লাগতে পারে। নড়াইলে ছবিগুলো রিপেয়ার করার জন্য কোনও ল্যাবরেটরি নেই। সেজন্য ছবি ঢাকায় নেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘শিল্পী সুলতানের অনেকগুলো ছবি নষ্ট হবার পথে। ছবিগুলি দীর্ঘস্থায়ী এবং সুন্দর করতে শিল্পকলা একাডেমির মাধ্যমে রিপেয়ারের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুত এগুলো রিপেয়ার করে আবারও সুলতান কমপ্লেক্সে পাঠানো হবে। দর্শনার্থীদের হয়তো সাময়িক সমস্যা হতে পারে। প্রায় সব ছবি ধাপে ধাপে রিপেয়ার করা হবে।’
এছাড়া সুলতান কমপ্লেক্সের ছবিগুলো উপযুক্ত পরিবেশে রাখার জন্য যাবতীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।








