কক্সবাজারের টেকনাফ সীমান্তে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। চোরাচালান অদলবদলের সময় হাতেনাতে ধরা হয় তাদের।
আটক মাদক কারবারিরা হলো টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার মো. হোসেনের ছেলে মো. আইয়ুব (২৫)।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ইয়াবা পাচারের গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর তিন ব্যক্তি দুটি বস্তা নিয়ে খাল থেকে ব্রিজের দিকে আসে। তারা আগে থেকে ব্রিজের দক্ষিণ প্রান্তে অপেক্ষমাণ এক ব্যক্তিকে বস্তাগুলো হস্তান্তর করে। এ সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি ধাওয়া করে দুই পাচারকারীকে আটক করে। অন্য দুই পাচারকারী ব্রিজের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়ে খালের অপর পাড়ে ঝোপের আড়ালে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি ওই সব বস্তা উদ্ধার করে দেড় লাখ পিস ইয়াবা পায়।’
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক কারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।







