ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় স্কুলশিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলায় ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ( ১ জানুয়ারি) বিকালে সাড়ে তিনটার দিকে চিকিৎসক ডিউক চৌধুরী, তার মালিকানাধীন হাসপাতালের দুই চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজমের আদালতে আত্মসমর্পণ করেন। তারা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে উচ্চ আদালত থেকে নেয়া চার সপ্তাহের জামিন শেষে গত ১৮ ডিসেম্বর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ডা. ডিউক ও অপর দুই চিকিৎসক। তখন অবকাশকালীন বিচারক হাসানুল ইসলাম মামলাটি অধিকতর শুনানির জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।
আজ বুধবার সকালে ধার্য তারিখে ওই তিন চিকিৎসক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দুই দফায় জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত জানান, মামলার তিন আসামি উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক গত ১৮ ডিসেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। বিচারক জামিন না দিয়ে মামলার অধিকতর শুনানির জন্য ১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। আজ বুধবার অধিকতর শুনানি শেষ বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী শাহ পরান বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাবো।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর প্রসবজনিত বেদনা নিয়ে পৌর এলাকার মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহমেদ দিয়া একই এলাকার ডা. ডিউক চৌধুরীর মালিকানাধীন খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার আগাম প্রসবের ব্যবস্থা করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে দিয়া একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই দিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তীতে ৪ নভেম্বর ভোরে দিয়ার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে তাকে আবারও সেই হাসপাতালে নেয়া হয়। তখন ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও শাহাদাত হোসেন রাসেল “ভুল ইনজেকশন এবং ওষুধ” প্রয়োগ করার পর দিয়া অজ্ঞান হয়ে যান। এ সময় দিয়ার স্বজনরা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাকতে বললে ডিউক ও বাকি দুই চিকিৎসক চুপ থাকেন। এক পর্যায়ে দিয়ার মৃত্যু হলেও তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ওইদিন দুপুর একটার দিকে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। এরপর অ্যাম্বুলেন্সে করে দিয়াকে নিয়ে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে পৌঁছানোর পর কয়েক ঘণ্টা আগেই দিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
এ ঘটনায় দিয়ার পিতা শিহাব আহমেদ গেন্দু বাদি হয়ে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।








