রাজাকারের সন্তানকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করার অভিযোগ তুলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ধিক্কার জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াত আইভি। বুধবার (১ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে নাসিকের সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
মেয়র আইভি বলেন, ‘সরকার রাজাকারদের চিহ্নিত করে সারাদেশে তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার রাজাকার ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও রাইফেল ক্লাবের সেক্রেটারি খালেদ হায়দার খান কাজলের পিতা গোলাম রাব্বানী। চিহ্নিত রাজাকার গোলাম রাব্বানী খানের ছেলে কাজলকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেন সাংসদ সেলিম ওসমান। আমি সেলিম ওসমানকে ধিক্কার জানাই।’
মেয়র আইভি সেলিম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, ‘রাজাকারের ছেলেকে সাথে নিয়ে অনুষ্ঠান করে নারায়ণগঞ্জবাসীকে আর অপমান করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মায়াকান্না করে রাজাকারের ছেলেকে চেম্বার অব কমার্সের সভাপতি বানিয়েছেন এই সাংসদ। মুক্তিযোদ্ধা সন্তানদের অবহেলিত করে কাজলকে রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক বানিয়ে রেখেছেন। এর মাধ্যমে জেলার মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা হয়েছে। এই সেলিম ওসমান শামীম ওসমানের সাথে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাচ্ছেন। আর রাজাকার সন্তানদের বড় বড় পদ দিচ্ছেন।’
আইভি মুক্তিযোদ্ধাদের অনুরোধ করে বলেন, ‘আপনারা রাজাকারের ছেলে কাজলকে প্রতিহত করুন। এই শহরে তারা অনেক বড় বড় কথা বলেন। মানুষকে পিষে মেরে ফেলবেন। গর্জন দেন, এই করবেন সেই করবেন। অনেকে মনে করেন জয় বাংলা বললেই সে আওয়ামী লীগের লোক হয়ে যাবে। আসলে তা নয়। জয় বাংলা এখন আমাদের জাতীয় স্লোগান।’
এসময় আরও উপস্থিত ছিলেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।








