রাজধানীর কুর্মিটোলায় গত রবিবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের শিকার হন। এই ঘটনার পর দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের বিভিন্নস্থানে নানা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিস্তারিত বাংলা ট্রিবিউনের প্রতিনিধিদের পাঠানো খবরে:
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে মানববন্ধনও বিক্ষোভ সভা করেছে মহানগর ছাত্র ফেডারেশন। মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ফারহানা মুনার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ফেডারশনের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, ফতুল্লা ছাত্র ফেডারেশনের সংগঠক সম্পাদক তাবাসছুম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র ফেডারেশনের সংগঠক সাইদুরসহ অন্যান্য নেতরা।
বরিশাল
বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলাফ্রন্ট। দুপুরে নগরীর ফকির বাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হলের সামনে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, জেলা বাসদের সাধারণ সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তীসহ অন্যান্যরা।
বরগুনা
বরগুনায় বেলা ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বরগুনা সরকারি কলেজ থেকে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, নারী নেত্রী সোহেলী পারভীন ছবিসহ কলেজ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
দিনাজপুর
দিনাজপুরে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রংপুর
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের আহ্বানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, শিক্ষার্থী ঐশি, রুবেলসহ অন্যান্যরা।
কুমিল্লা
নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি চত্বর ও ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা পূবালী চত্বরের সামনে জমায়েত হয়ে সমাবেশ করে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে।








