নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমির সীমানায় (আইলে) কচুরিপানা রাখা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাও গ্রামে এই সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মেড়ার টেকের নাদিম মিয়ার জমি থেকে কচুরিপানা তুলে পাশের জমির আইলে (সীমানায়) রাখা হয়। এ সময় উত্তরপাড়ার খোরশেদ ও তাদের লোকজন কচুরিপানা রাখতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নাদিম জানান, তাদের জমি থেকে কচুরিপানা তুলে দু’টি জমির সীমানায় (আইলে) রাখা হয়। এনিয়ে প্রতিপক্ষ খোরশেদের সঙ্গে তার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জেরে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে পরিবারের অন্যান্য সদস্য এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তার পরিবারের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।
অপরদিকে চিকিৎসাধীন মিঠুন জানান, প্রতিপক্ষ নাদিম তার ফসলি জমির কিছু অংশ জুড়ে কচুরিপানা স্তূপ করে রাখে। এতে তার ফসলের ক্ষতি হচ্ছিলো। জমি থেকে কচুরিপানার স্তূপ সরিয়ে নেওয়ার কথা বলতে গেলে প্রথমে তার ওপর হামলা চালায়। পরে তাকে রক্ষা করতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তার পরিবারের অন্তত আট জন সদস্য আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








