গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে অন্তত ৩০টি লাশের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। কবরস্থান থেকে হ্যান্ডগ্লাভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পেরেছেন। বারির সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম চুরির সত্যতা নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নিচে ফাঁকা স্থান রয়েছে। কবরস্থান এলাকায় রাতে অন্ধকার থাকে এবং লাইটিংয়ের ব্যবস্থা নেই। এ সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গল ও বুধবার রাতের যে কোনও সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ‘২৪টির মতো কঙ্কাল কবর থেকে চুরির খবর পেয়েছি। এই সংখ্যা আরও বেশিও হতে পারে। এ ব্যাপারে বারির পক্ষ থেকে বৃস্পতিবার সাধারণ ডায়রি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।’







