সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ সোমবার এই নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যেই সব মোবাইল ফোন অপারেটর কোম্পানির কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেওয়ার নির্দেশে সই করেন। এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই মোবাইল অপারেটররা এগুলো খুলে দিতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়।২২ দিন পর গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হয়। তবে অন্য মাধ্যমগুলো বন্ধ ছিল।
রবিবার টুইটার, ইমোসহ কয়েকটি মধ্যম বন্ধের নির্দেশ দেয় ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রণালয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার জানান, টুইটার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও ধরনের নির্দেশনা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো জানে। আমরা ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। আপনারা জানেন গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দিয়েছি। খুব শিগগিরই বাকিগুলো খুলে দেওয়া হবে।
/এইচএএইচ/এফএস/








