পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলীকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ আটক করে র্যাব। এই ঘটনার পর তাকে দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী সরদারকে ত্রাণের চাল আত্মসাৎ করার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে পাবনা জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের বাঁধের হাট চৌমাথা থেকে মো. কোরবান আলীকে আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এসময় তার ব্যক্তিগত গোডাউনে অবৈধভাবে সংরক্ষিত সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল উদ্ধার করা হয়। ভিজিডি এর ত্রাণের চাল সরকার কর্তৃক নিদিষ্ট স্থানে না রেখে ব্যক্তিগত গোডাউনে রাখার ব্যাপারে তিনি কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।








