চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া জেলায় নতুন করে আরও পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ।
নারায়ণগঞ্জ ফেরত ফয়সাল (৪১) নামের ওই ব্যক্তি গত শনিবার বিকালে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়িতে মারা যান। শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গে আক্রান্ত ছিলেন তিনি।
তিনি নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তার পৈত্রিক নিবাস জেলার মতলব উত্তর উপজেলার কাসিমপুর পাদুয়া মুন্সি বাড়িতে। নারায়ণগঞ্জের এসিআই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তিনি। গত ১ এপ্রিল স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি কামরাঙ্গা আসেন। শনিবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়, বিকালে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে ওই দিন রাতেই তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বিশেষ ব্যবস্থায় তাকে দাফনও করা হয়। লকডাউন করা হয় বাড়িটি।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, ‘বুধবার সকালে তার রিপোর্ট এসেছে। মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯ জন।’








