করোনাভাইরাসের এই সংকটকালে সাহসী বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন বিশ্বের প্রায় সব দেশেই জরুরি অবস্থা চলছে। এর মধ্যেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে।'
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে কাজিপুরের সোনামুখী বাজারে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা থেকে সরাসরি ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে কাজিপুরে খাদ্যসামগ্রী এবং বিনামুল্যে চিকিৎসা ও ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। শহীদ এম মনসুর আলীর কাজিপুরে এ দুঃসময়ে দুস্থ ও অসহায় মানুষজনের ত্রাণ নিয়ে কেউ যেন নয়-ছয় না করে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।'








