দেশে মহামারি করোনাভাইরাসে খেটে খাওয়া গরিব ও দুস্থ মানুষেরা লকডাউনে ঘরবন্দি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ত্রাণ বিতরণ করলেও এই সংকটে শিশুদের জন্য দুধ কেনার পয়সাও নেই অনেক মা-বাবার কাছে। তাদের পাশে দাঁড়াতে মহতী উদ্যোগ নিয়েছেন বেনাপোলের বড় আঁচড়া গ্রামের তরুণ সমাজসেবী ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আবু তাহের ভারত। নিজের ডেইরি ফার্ম বড় আঁচড়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে প্রতিদিন উৎপাদিত সাড়ে চারশ’ লিটার দুধ এলাকাবাসী গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে গিয়ে দেখা গেছে, এলাকার প্রত্যেকটি দুস্থ পরিবারের প্রতিটি শিশুর জন্য আধা লিটার করে দুধ বিনামূল্যে বিতরণ করছেন আবু তাহের।
ওই ডেইর ফার্মে গিয়ে দেখা গেছে, এলাকার দুস্থ মানুষেরা সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে এসে দুধ নিয়ে যাচ্ছেন।
ডেইরি ফার্মের মালিক আবু তাহের ভারত জানান, মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে এটি তার সামান্য প্রচেষ্টা। প্রতিদিন প্রায় সাড়ে ৪০০ কেজি দুধ বিনামূল্যে বিতরণ করছেন তিনি।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে দুধ বিতরণের এই কর্মসূচি চালু থাকবে। তাছাড়া করোনা পরিস্থিতির পরিবর্তন না হলে বিনামূল্যে দুধ বিতরণের সময়সীমাও বাড়ানো হবে।
তিনি বলেন, লাইনে দাঁড়াতে যারা লজ্জা পাচ্ছেন তাদের ফার্ম থেকে দুধ দেওয়া হচ্ছে।








