নওগাঁয় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এ কাজ করেন তারা। এ দিন সদর উপজেলার কৃষক আব্দুল মতিনের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, ‘করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। ছাত্রলীগের ৩৫ জন নেতাকর্মী ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌঁছে দিচ্ছেন। করোনার কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় নওগাঁয় এ কাজ করা হচ্ছে। কোনও কৃষক সহায়তা চাইলে আমরা তার পাশে দাঁড়াবো।’
কৃষক দেওয়ান আব্দুল মতিন বলেন, ‘শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভোলার নয়।’








