আগামী সপ্তাহে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে করোনা শনাক্তে রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাবরেটরি চালু হচ্ছে। ল্যাবের জন্য প্রয়োজনী যন্ত্রপাতি বুধবার রাতে চট্টগ্রাম থেকে আনা হয়। সবকিছু ঠিকঠাক করে এক সপ্তাহের মধ্যেই ল্যাব চালু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জামালপুরে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ায় এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নমুনা পরীক্ষার চাহিদা বেড়ে যায়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাবে নমুনা পাঠিয়ে সেখানে চার জেলার নমুনার জট পড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে বেশ সময় লাগে। এ অবস্থায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জরুরি ভিত্তিতে জামালপুরে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জানান।
আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে থাকা অতিরিক্ত একটি আরটি-পিসিআর মেশিন শেখ হাসিনা মেডিক্যাল কলেজকে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেন। এরপর গত বুধবার রাতে চট্টগ্রাম থেকে একটি ট্রাকে করে পিসিআর ল্যাবের মূল যন্ত্রপাতি জামালপুর শহরের মনিরাজপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে আনা হয়।
মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে পিসিআর ল্যাব পাওয়ায় করোনার নমুনা পরীক্ষা এখন জামালপুরেই করা যাবে। এই ল্যাবটি মূলত জামালপুর জেলার জন্য আনা হয়েছে। তবে নিকটবর্তী অন্যান্য জেলার উপজেলাগুলোর নমুনাও এখানে পরীক্ষা করা যাবে। পিসিআর ল্যাব স্থাপন, চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ সম্পন্ন করে এই ল্যাবটি চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।’
ল্যাবটি শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে জানান তিনি।








