করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘরবন্দি কর্মহীন ১৮৬ পরিবারের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
শুক্রবার (৮ মে) সকালে জেলা শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে নিজস্ব তহবিল থেকে এসব পরিবারের হাতে সহায়তা প্রদান করেন সংসদ সদস্য। এদের মধ্যে ১০০ কুষ্ঠ রোগী (সুস্থ্) ও হরিজন (বাঁসফোর) ৮৬ পরিবার।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান জানান, নূর ভাইয়ের পক্ষ থেকে পঞ্চম বারের মতো এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে প্রথমবার দুই হাজার ৭০০, দ্বিতীয় বার দুই হাজার ৯০০, তৃতীয়বার দুই হাজার ৫০০, চতুর্থবার ৪০০ ও এবার ১৮৬ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও হটলাইনে ৩৫০ মধ্যবিত্ত পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
এসব ছাড়াও মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার সেবকদের সব মিলিয়ে দুই হাজার ৫০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিণ্টু বলেন, 'নূর ভাই তার নিজস্ব অর্থায়নে উপজেলার ১১ হাজার ১৮৬ পরিবারকে ওই সহায়তা প্রদান করেন।'








