টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস সন্দেহে নমুনা জমা দেওয়ার দুই দিনের মাথায় এক স্কুলশিক্ষকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুরে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেতন-ভাতা তুলতে তিনি গত ৮ দিন আগে সিলেট গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ফকির জানান, সিলেটে এমপিওভুক্ত একটি উচ্চ বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ওই শিক্ষক দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ৮দিন আগে তিনি কর্মস্থল সিলেট থেকে ফেরেন। পরে স্থানীয়রা তাকে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে বলেন। এরমধ্যে শনিবার ওই শিক্ষক সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা সন্দেহে নমুনা দিয়ে আসেন। পরে সোমবার বাড়িতেই তার মৃত্যু হয়। বিকালে পারিবারিক কবরস্থানে স্বল্প পরিসরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘ওই ব্যক্তি নিজের ইচ্ছাতেই করোনা সন্দেহে গত শনিবার হাসপাতালে নমুনা দিয়ে যান। পরে রবিবার তার নমুনাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট আাসেনি।’
প্রসঙ্গত, এ উপজেলায় একই পরিবারের পাঁচ জনসহ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।








