শিবগঞ্জে নিখোঁজের চারদিন পর নাজিম উদ্দিন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকাল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজিম লাভাঙ্গা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। সে লাভাঙ্গা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, ‘গত ১১ মে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় নাজিম। এর পরই থেকেই সে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি। গত ১৩ মে তার পিতা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশও বিভিন্নস্থানে অনুসন্ধান চালিয়ে তার সন্ধান পেতে ব্যর্থ হয়।
বিকালে ঘোড়ামারা মাঠের একটি আমবাগানে স্থানীয়রা মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় নাজিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর পাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও জানান ওসি।
তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।







