নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ নিয়ে আজিজুল হক নামের একজন মাছ ব্যবসায়ীর (৪৫) মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আজিজুল হক নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা। তিনি মাইজদী পৌরবাজারের একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, 'ওই ব্যক্তি গত কয়েকদিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। রবিবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগ থেকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। করোনা উপসর্গ থাকায় মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।'
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার বলেন, 'করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায়, বিশেষ ব্যবস্থাপনায় দাফনের জন্য ইসলামি ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।'








