ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ অন্তত ৬টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং ব্যাহত হচ্ছে। ফলে অনেক এলাকা এখন অন্ধকারে নিমজ্জিত রয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ এই অচলাবস্থার সৃষ্টি হয়।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমানের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বিদ্যুৎ কেন্দ্রের একাধিক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ঘোড়াশাল ও ফেঞ্জুগঞ্জ ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন জাতীয় গ্রিডলাইনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ত্রুটি দেখা দেয়। গ্রিডলাইনে
ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নরসিংদীসহ বেশ কয়েকটি জেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর থেকে ত্রুটি শনাক্তের জন্যে কাজ শুরু করছেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানিয়েছেন জাতীয় গ্রীড লাইনে ত্রুটির কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হবে।







