নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারে সোনাকান্দি এলাকায় বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার প্রধান আসামি মিজানুর রহমান (৪০) নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) ভোর রাতে কানা শহীদের আস্তানায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় শনিবার (১৩ জুন) রাতে বেকারির মালিক থানায় অভিযোগ করেন। রবিবার (১৪ জুন) বিকালে মিজানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি পৌরসভার নাওতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, রবিবার বিকালে ধর্ষণ মামলার প্রধান আসামি মিজানকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ৩টায় তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পূর্ব বাজারের সোনাকান্দি এলাকায় পৌঁছলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে, মিজানের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এসময় তিন পুলিশ সদস্য পিপল দেব, রসুল মীর ও পিয়াস সরকার আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করে। নিহতের লাশ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।








