গত ২৪ ঘণ্টায় শনিবার (২০ জুন দুপুর পর্যন্ত) বগুড়ায় ২১ জন নারী ও দুজন শিশুসহ আরও ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ১ এপ্রিলের পর থেকে ১৯৮৫ জন করোনা পজিটিভ হলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে ২৬ জনের রিপোর্টে পজিটিভ আসে। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এই ৬২ জনের মধ্যে সদরে ৪৯ জন, সোনাতলায় সাত জন, শিবগঞ্জ, শাজাহানপুর, গাবতলী, সারিয়াকান্দি, শেরপুর ও আদমদীঘি উপজেলায় একজন করে আক্রান্ত রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ১ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত জেলায় মোট এক হাজার ৯৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন। আইসোলেশন ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৭৫৯ জন।







