রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন করোনা রোগী মারা গেছেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহী। তার নাম ড. মো. শহীদুল্লাহ (৫৫)। বাড়ি নগরীর পদ্মা আবাসিক এলাকার সাত নম্বর রোডে। কয়েকদিন আগে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত অপর রোগীর নাম হাফিজুর রহমান (৪৭)। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। বাবার নাম মৃত জনাব আলী। হাফিজুর স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। তিনিও করোনা পজিটিভ ছিলেন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, এই দুইজনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা লাশ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করেছে।
রাজশাহী জেলায় এ নিয়ে করোনায় চারজনের প্রাণ গেলো। আর পাবনায় মৃতের সংখ্যা হলো ৬।








