চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সুমন ওরফে ফাইভস্টার সুমন (৩৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সুমন মারা যান।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কামাল হোসেন জানান।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গত বছরের ১ আগস্ট বায়েজিদ থানা পুলিশ সুমনকে গ্রেফতার করে। এরপর এতদিন সে চট্টগ্রাম কারাগারে ছিল। ১২ জুলাই স্ট্রোক করলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








