রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ (সিপিসি-২) ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। আটক রোহিঙ্গার নাম মোহাম্মদ শাহ (২৫)।
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার সকালে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৫শ’ টাকাসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাদক দ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সে মাদক সরবরাহ করতো।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।







