দিনাজপুরের বিরামপুরে পৌরমেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার ফেরদৌস হিমেল এবং দুই ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিরামপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৮ জন, আর মৃত্যুবরণ করেছেন ২ জন।
মঙ্গলবার রাতে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ হিসেবে শনাক্তের বিষয়টি জানানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, বিরামপুর পৌরসভার মেয়র গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন, গতকাল তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। একইভাবে উপসর্গ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে তাতে পৌর মেয়র, এক চিকিৎসক, চিকিৎসকের মা, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। তারা সকলেই নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন।








