খুলনায় পাট পণ্যে ওজনে কারচুপি করে সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে আসামিরা পরস্পর যোগসাজসে প্লাটিনাম জুবিলী জুট মিলসের ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে ১৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাট পণ্য আত্মসাৎ করেন। যার মূল্য সাত কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা।
এ ঘটনায় ২০১৬ সালে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়। এরপর ২০১৯ সালের ২৬ আগস্ট শংকর চন্দ্র ভুঁইয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অন্য দুই আসামি হলেন বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন এবং প্লাটিনাম জুবিলী জুট মিলের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন। এ দু’জন বর্তমানে জামিনে রয়েছেন।








