পাবনার গাজনার বিলে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিক্ষার্থী ফয়সাল তামিমের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গাজনার বিলের সৈয়দপুর ক্যানাল থেকে লাশ উদ্ধার করে পাবনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সদস্যেদের সঙ্গে ফয়সাল তামিম পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে নৌকা ভ্রমণে যায়। বিকাল ৩টার দিকে হাটখালি এলাকায় বিলের মধ্যে দিয়ে সরবরাহকৃত বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কা লেগে তামিম পানিতে ডুবে যায়। নৌকায় থাকা পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে নিখোঁজ তামিমকে খোঁজ করেও উদ্ধার করতে পারেনি।
স্থানীয় কামালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, বৃহস্পতিবার পাবনা থেকে ডুবুরি দল এসে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। লাশ দাফনের জন্য তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
তামিম উপজেলার সোনাতলা গ্রামের তাহেজ প্রামানিক ও সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরজাহান খাতুনের ছেলে। সে এ বছর সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো।







