পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের চার দিন পর জিহাদ (৯) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জিহাদ রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদা ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামের ফেরদৌস মুন্সির ছেলে ও ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্বজনরা জানায়, গত মঙ্গলবার ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় জিহাদ। পরে অনেক খোঁজ করা হয়। তাকে কোথাও না পাওয়ায় বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া নয়াভাঙ্গুনি খালে ভাসমান অবস্থায় জিহাদের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে গিয়ে লাশ শনাক্ত করেন। দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।








