রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে চোখ ও হাত বেঁধে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়।
নিহত নারীর নাম রেহেনা বেগম (৫২)। তার স্বামীর নাম বেলাল হোসেন (৭৩)। পুলিশ তাকে আটক করেছে। বেলাল আগে পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি ও হত্যা মামলাও আছে তার নামে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, বাড়িতে শুধু বেলাল ও তার স্ত্রী রেহেনা ছিলেন। সকালে ওই বাড়িতে হাত ও মুখ বাঁধা লাশ থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি জানান, বেলাল এখন ভ্যান চালান। তবে প্রায় ২০ বছর আগে তিনি পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি করতে গিয়ে তার দুই ছেলে মারাও গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








