স্থলবন্দরের গুরুত্বের কথা ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত অসুস্থ যাত্রীদের কথা বিবেচনা করে হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন হাকিমপুরের মেয়রসহ স্থানীয়রা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে করে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম মিহির কান্তি গুহ যাওয়ার সময় হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দেন। এসময় তার কাছে এসব দাবি জানান হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় সেখানে বাংলাহিলি আল আজিজিয়া মাদ্রাসার মুহাতামিম শামছুল হুদা, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হিলি রেলস্টেশনের মাস্টার রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য হেফাজ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জামিল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। হিলি থেকে প্রতিদিন আমদানিকারকরা দেশের বিভিন্নস্থানে যাতায়াত করেন। এছাড়াও বাংলাদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য যেমনি ভারতে যায়, তেমনি ভারত থেকেও অনেক মানুষ বাংলাদেশে আসেন। কিন্তু দেশে ফেরার সময় ঢাকাগামী কোনও ট্রেনের স্টপেজ না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। তাই বন্দরের আমদানি-রফতানির বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এখানে যেন একটি ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয় সেই দাবি রেলের পশ্চিমাঞ্চল জিএমের কাছে জানিয়েছি। একইসঙ্গে হিলি রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও কথা বলেছি।
এছাড়া হিলি রেলস্টেশনটি দীর্ঘদিন পর চালু করায় রেলপথ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান মেয়র।








