জামালপুরে রিকশাচালক রাসেল (২৫) হত্যা মামলায় আপন দুই ভাইকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের মৃত মইন উদ্দিন এর ছেলে রাসেলের সঙ্গে প্রতিবেশী ভুট্টু ও তার বন্ধুদের ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরের দিন রাতে ভূট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে একটি আখক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন ওরফে ধলিমন বাদী হয়ে ২০০৭ সালের ২৮ ডিসেম্বর ইসলামপুর থানায় ভূট্টুসহ ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে ১৫ আসামির সাক্ষ্যগ্রহণ শেষে পেনাল কোর্ট, ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে ভূট্টু (৩০) ও তার ভাই খালেকের (৪৫) মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ও উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এছাড়াও মামলার অপর আসামি ছামিউল (৩০), জহিজল(৩০), রশিদ( ৪৫), মো. কাশি ( ৫০), ফুলু মিয়া (৩০ ), বিদ্যুৎ (২৫) ও বাবুল (২৫ )কে ৩০২/৩৪ ধারার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন বিচারক।
এসময় মামলার অপর ৪ আসামি হুচ্চু ওরফে আমিরুল, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে অভিযোগের দায় হতে খালাস দেন তিনি।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও অ্যাডভোকেট মো. আনোয়ারুল করিম শাহজাহান।







