সিলেট, নোয়াখালীসহ সারা দেশে নারী নির্যাতন-ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কর্মসূচিতে পুুিলশি বাধার অভিযোগ উঠেছে। এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তির পর পুলিশি বেষ্টনির মধ্যে কর্মসূচি পালন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। তবে পুলিশ মিছিলটি আটকে দেয়।
এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশি বাধায় নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজপথে উঠতে ব্যর্থ হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক আবু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে খুন, গুম ও নারী ধর্ষণ ও হত্যায় মেতে উঠেছে অবৈধ সরকারের নেতাকর্মীরা। যার বেশিরভাগেরই বিচার হচ্ছে না। এর কারণ সরকার বিচার বিভাগকেও দলীয়করণ করে ধ্বংস করে ফেলেছে। সরকারের এসব অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা প্রতিবাদ করতে গেলে পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে হামলা ও বাধা দেওয়া হচ্ছে।








