গাজীপুরের শ্রীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত সোয়া ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বীর আহমদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে সোহেল রানা (৩৪) এবং নান্দাইল উপজেলার সোলায়মান মিয়ার ছেলে আবু হানিফ (৩০)। আহতরা হলেন– কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নামাপাড়া (জঙ্গলবাড়ি) গ্রামের রিপা (৩০) এবং তার স্বামী সিদ্দিকুর রহমান (৩৮)। অপর আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
ওসি আহতদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার পর পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা শ্রীপুরের উদ্দেশে রওনা দেয়। সাতখামাইর এলাকায় পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এম এ সাঈদ নিলয় জানান, গুরুতর আহত আবু হানিফ ও সোহেল রানাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।








