আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে এ ওয়ান বিডি লিমিটেড কারখানার কয়েকশ’শ্রমিকরা এ কর্মসূচি পালন করে ।
কারখানাটির শ্রমিকরা বলেন, গত এপ্রিল মাসে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই ইপিজেডের এ-ওয়ান বিডি লিমিটেড কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ ।
ওই কারখানার ১১শ’ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের জন্য বার বার মালিকপক্ষকে জানালেও তারা কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো দাবি আদায়ে কারখানার সামনে গেলে তাদেরকে নিরাপত্তাকর্মী ও পুলিশ দিয়ে পেটানো হচ্ছে।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, এর আগে ২ নভেম্বর সকালে ডিইপিজেডের সামনে শতাধিক শ্রমিক একই দাবিতে বিক্ষোভ করলে নিরাপত্তাকর্মী ও পুলিশ তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেন, আজ নিরুপায় হয়েই আবারও শ্রমিকরা সড়কে নেমেছে। তবে এখন সাভার-আশুলিয়ার ২৭টি শ্রমিক সংগঠন শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তারা সবাই আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আর যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। প্রয়োজনে খোলা আকাশের নিচে তাঁবু টেনে ও রান্না করে হলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন বলেন, এ-ওয়ান বিডি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে। কারখানাটি ডিইপিজেডের ভেতরে হওয়ায় সেখানে আমাদের আসলে তেমন কিছু করার নেই। ডিইপিজেডের বিষয়গুলো দেখে বেপজা। তবে তারা ইপিজেড ছেড়ে প্রেসক্লাবের সামনে আসায় আমরা সেখানে নিরাপত্তা দিচ্ছি।








