লালমনিরহাটের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার মামলায় আরও চার জন আসামিকে দুদিন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-এর বিচারিক হাকিম মোছা. ফেরদৌসী বেগম।
বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, রেজিস্ট্রার পুড়িয়ে নষ্ট ও সরকারি কাজে বাঁধাপ্রদান মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো- বুড়িমারী কামারপাড়া এলাকার জুয়েল হোসেনের ছেলে মোতাহার হোসেন (২১), একই এলাকার সহিদার রহমানের ছেলে আমির হোসেন (৩০), বুড়িমারী লাইনেরপাড় এলাকার মৃত. বানার উদ্দিনের ছেলে আতিয়ার রহমান পাইয়া (৩৫) ও একই এলাকার জুয়েল রানার ছেলে বিপ্লব হোসেন ওরফে লিমন (১৯)।
লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন বলেন, 'আসামিদের রবিবার রাত থেকে রিমান্ডে নেওয়া হবে।'
উল্লেখ্য, ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যা করা হয়। এরপর লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের ওপর তার লাশ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় পৃথক ৩টি মামলায় এখন পর্যন্ত মোট ৪৪ জন আসামি গ্রেফতার হয়েছে।








