রাজশাহীর তিনটি পৌরসভার নির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাদের মনোয়নপত্র বাতিল ঘোষণা করে। তাদের মধ্যে তিন মেয়র প্রার্থী, পাঁচ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং এক সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছেন। রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ঠিক ছিল।
সাইফুল ইসলাম জানান, কাঁকনহাট পৌরসভায় স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন– আব্দুল্লাহিল কাফি ও রনজুর রহমান। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে– বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম আতাউর রহমান খান, বিএনপির প্রার্থী হাফিজুর রহমান হাফিজ এবং জাতীয় পার্টির প্রার্থী মোল্লা রুবর হোসেনের। কাঁকনহাট পৌরসভায় কাউন্সিলর পদের তিন জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৩ জনের। সংরক্ষিত নারী কাউন্সিলর পদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই পদে প্রার্থীর সংখ্যা ১৩।
বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় চার মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মালেক, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামাণিক এবং স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ও এসএম মামুনুর রশিদ। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এখানে মোট ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে একজনকে বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ১২ জন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এখানে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে দুই জনের মনোনয়নপত্র।
আড়ানী পৌরসভায় এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ মেয়র প্রার্থীর সংখ্যা তিন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান শাহীন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার হোসেন এবং বিএনপির প্রার্থী তোজাম্মেল হক। স্বতন্ত্র প্রার্থী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আড়ানীতে কাউন্সিলর পদের ২৯ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১০ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।








