বিদ্যুৎ বিভাগের পাওনা টাকা দীর্ঘদিন পর ঘটা করে পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অন্তর্গত ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল ৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা পরিশোধ করে সিসিক। নগর ভবনে ২০২০-২১ অর্থ বছরে সিলেট সিটি করপোরেশনের বিদ্যুৎ বিল চেকের মাধ্যমে হস্তান্তর করা হয়।
বকেয়া বিল পরিশোধের চেক হস্তান্তর করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিটি করপোরেশনের ৪টি ডিভিশনের কাছে দীর্ঘদিন বিদ্যুৎ বিল পাওনা ছিল বিদ্যুৎ বিভাগের। সিলেট নগরীর লাইটিং ব্যবস্থাসহ বিভিন্ন কাজে এসব বিল অনাদায়ে থেকে যায়। ৪টি চেকের মাধ্যমে এসব বিল পরিশোধ করেছে সিসিক।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, নিবার্হী প্রকৌশলী রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দিন, রকিবুল হাসান প্রমুখ।







