এখনও নিয়ন্ত্রণে আসেনি মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ নামে সুতার কারখানায় লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন করে ফায়ার সার্ভিসের খুলনার আরও একটি ইউনিট যোগ দিয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে ওই কারখানার তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইপিজেড ইউনিট, নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটের একটিসহ চারটি ইউনিট কাজ করে যাচ্ছে।
মোংলা ইপিজেড কর্তৃপক্ষের জিএম মাহবুব আলম সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইপিজেডের ভেতরে কারখানার তুলার গোডাউনে আগুন লাগায় একটু বেগ পেতে হচ্ছে। কারণ তুলায় লাগা আগুন সহজে নিভছে না। এ কারণেই এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন।’
আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের দুটি তদন্ত কমিটি করা হবে বলে জানায় ইপিজেড কর্তৃপক্ষ। ‘গোয়ান জিয়াম’ কারখানাটিতে সাত জন চীনা নাগরিক ও বাংলাদেশের ৮০ জন শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে।
আরও খবর: মোংলা ইপিজেডে সুতার কারখানায় আগুন







