বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হঠকারিতা ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, ‘এবারের নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষও পরাজিত হয়েছে। সব ধান চিটা হয়ে গেছে। খালেদার ভুল রাজনীতির কারণেই তার দলের সমর্থন ও ভোট কমেছে।’
বিভ্রান্ত রাজনীতি ছেড়ে দেশের বৃহত্তর স্বার্থে খালেদা জিয়াকে গণতান্ত্রিক ও সহনশীল ধারায় ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
সুরঞ্জিত সেন গুপ্ত আরও বলেন,‘এতে বিএনপির প্রতি সমর্থন বাড়বে, দলটি ক্ষমতাও আসবে। সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে এলে সরকার ও প্রশাসনের সহায়তাও পাবে।’
অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, হোসনে আরা লুৎফা এমপি, বলরাম পোদ্দার, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।
/পিএইচসি/এসএম/এমএসএম/








