ফেনীর সোনাগাজিতে বিএনপির এক নেতার গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ মেম্বারকে গ্রেফতার করে সিএনজি চালিত অটোরিকসায় তোলার সময় তার স্বজনসহ বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ওই বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি করে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে ফেনী ও সোনাগাজি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, এ ঘটনায় কর্তব্যরত এসআই নাসির আহম্মেদ ও এএসআই মনিরুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আলী আহম্মেদ মেম্বারের নামে থানায় ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন অভিযোগ করেন, পুলিশ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা আলী আহম্মেদকে গ্রেফতার করেছে। এই সময় পুলিশের গুলিতে স্থানীয় বাবলু (১৫), ফরহাদ (১৪), হৃদয় (১৩), দুলালসহ (১৭) ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
এদিকে ফেনীর গোনাগাজিতে জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
/আরএ/এসএম/








